পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তাঁর আট বছর বয়সী মেয়ে রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কৈকিল্লা দীঘি এলাকায় বোদা-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খেলারাম এলাকার বাসিন্দা ও ক্লিনিককর্মী প্রমীলা রানী (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দীঘি এলাকায় একই দিক থেকে আসা একটি ট্রাক পেছন থেকে থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং আট যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাতজনের অবস্থার অবনতি হলে তাঁদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসা সম্প্রীতির অবস্থার আরও অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আটটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা-মেয়ের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমীলা রানী।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেলেও পরে সেটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠকের মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।