এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্য অর্জনে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ পরিস্থিতিতে শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষা জরুরি।
জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড (LEED) সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহন ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগের কথা তুলে ধরেন। এসব কার্যক্রমের মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের লক্ষ্য রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে।
বক্তব্যে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনের তুলনায় বিদ্যমান অর্থায়ন পর্যাপ্ত নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পাশাপাশি ঋণ পরিশোধের চাপ এসব দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ অবস্থায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি অগ্রাধিকারমূলক পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য সহজ শর্তে অর্থায়ন ও দক্ষতা উন্নয়ন।
এ ছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি খাতে ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন তিনি।
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।
বক্তব্যের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ ও কার্যকর সিদ্ধান্ত আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই।