১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এসময় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলের লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ জীবনযাপন নিশ্চিতে উপকূলীয় এলাকার জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্যামনগরের হরিনগর বাজার সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ে সিডিও ইয়ুথ টিম এই মানববন্ধনের আয়োজন করে।
এসময় স্বেচ্ছাসেবী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মো. মাহফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হরিনগর বাজারের ব্যবসায়ী আমির হামজা আবু। তিনি বলেন, ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে উপকূলের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতিকে স্মরণ করে সরকারকে ১২ নভেম্বরকে জাতীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করতে হবে। উপকূলবাসীকে প্রতিবছর ত্রাণনির্ভর করে রাখার পরিবর্তে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি মোকাবিলা করতে পারে।
সভাপতির বক্তব্যে মো. হাবিবুর রহমান বলেন, উপকূলীয় এলাকার সমস্যা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য একটি পৃথক উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন। এই বোর্ডের মাধ্যমে উপকূলের মানুষের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।
সিডিও’র স্বেচ্ছােসবক রিনা খাতুন বলেন, উপকূলীয় মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে হলে শুধু দুর্যোগের পর ত্রাণ দেওয়ার ওপর নির্ভর না করে উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার ও টেকসইভাবে পুনর্নির্মাণ, নদী-খাল সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধনের আরো উপস্থিত ছিলেন সিডিও স্বেচ্ছাসেবক মো. আতাউর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কাইম হোসেন, মো. সাকিব হোসেন, মো. নাজমুল হোসেন, মো. মিলন হোসেন প্রমুখ। সভা শেষে ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পাঠকের মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই।