১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত উপকূলবাসীদের স্মরণ এবং দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, কোস্টাল এইড এবং সোশ্যাল অ্যাকশন ফর ইয়ুথ এলায়েন্স - (SAYA) এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
স্বপন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সদস্য মালিহা, মাহফুজ ও সাকিলা। এ সময় আরও বক্তব্য দেন কাশিমাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জালালুদ্দিন।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছিল। সেই ভয়াবহ ইতিহাস এবং উপকূলবাসীর দীর্ঘদিনের আত্মত্যাগকে জাতীয় পর্যায়ে যথাযথভাবে স্মরণ করতে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করা জরুরি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান সময়ে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিনিয়ত নানা সংকট ও প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধি, তীব্র নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলের মানুষের জীবন ও জীবিকা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (COP31)-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উপকূলবাসীর বাস্তব সংকট, জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং টেকসই সমাধানের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরতে হবে। উপকূলের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
মানববন্ধন থেকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, উপকূলবাসীর জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। উপকূলের মানুষের এই ন্যায্য দাবি একদিন বাস্তবায়িত হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পাঠকের মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই।