‎জলবায়ু পরিবর্তনের অভিঘাত সাতক্ষীরার উপকূলীয় জীবনযাত্রাকে দিন দিন করে তুলেছে আরও বেশি চ্যালেঞ্জিং। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং নদীভাঙনের পাশাপাশি মাটির অতিরিক্ত লবণাক্ততা এই অঞ্চলের ঐতিহ্যগত কৃষিকাজকে একসময় প্রায় অনিশ্চিত করে তুলেছিল। বছরের পর বছর উর্বর জমিগুলো লোনাপানির গ্রাসে হারিয়ে ফেলত তাদের উৎপাদনক্ষমতা। কিন্তু মানুষের বেঁচে থাকার তাগিদ এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার অদম্য জেদ সব প্রতিকূলতাকে পেছনে ফেলে দিয়েছে। আর এই রূপান্তরের অগ্রভাগে রয়েছেন সাতক্ষীরার প্রান্তিক নারীরা। ‎একসময় সাতক্ষীরার উপকূলীয় এলাকার বসতভিটার চারপাশের মাটি লবণাক্ততার কারণে চারাগাছ বাঁচানোই ছিল এক প্র‍কারের অলৌকিক ব্যাপার। শাকসবজি তো দূরের কথা, গাছপালাও মারা যেত লোনাপানির বিষাক্ত প্রভাবে। কিন্তু সময়ের পরিক্রমায় সেই দৃশ্যপট আজ বদলে গেছে। কৃষি বিভাগ ও বিভিন্ন স্থানীয় উন্নয়ন সংস্থার নিবিড় প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের নারীরা বাড়ির আঙিনায় ঘটিয়ে চলেছেন এক নীরব বিপ্লব।

‎তাদের এই সাফল্যের মূলে রয়েছে আধুনিক ও জলবায়ুসহিষ্ণু কিছু কৃষিপদ্ধতির সফল প্রয়োগ। বৃষ্টিপ্রবণ অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণের অভিনব কৌশল, উঁচু বেড (Raised Bed) তৈরি করে মাটির লবণাক্ততার প্রভাব কমানো, মাচা পদ্ধতি এবং মালচিং প্রযুক্তির ব্যবহার আজ তাদের চাষাবাদকে করেছে সহজ ও ফলপ্রসূ। এই পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত বেগুন, ঢ্যাঁড়স, লাউ, মিষ্টি কুমড়াসহ নানা জাতের পুষ্টিকর সবজি।

‎এই পরিবর্তনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সুদূরপ্রসারী। যে নারীরা একসময় পরিবারের খাদ্য নিরাপত্তা নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগতেন, আজ তারা নিজেদের বসতভিটার সামান্য জমিতেই পরিবারের সবজির চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল স্থানীয় বাজারে বিক্রি করছেন। এর ফলে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে নারীরা আর্থিক সচ্ছলতার মুখ দেখছেন। আত্মবিশ্বাসী হয়ে ওঠা এই নারীরা প্রমাণ করছেন যে, প্রতিকূলতার কাছে আত্মসমর্পণ নয়, বরং সঠিক জ্ঞান, প্রজ্ঞা ও প্রযুক্তি পেলে নারীরাই পারেন যেকোনো সংকটকে সম্ভাবনায় রূপান্তর করতে।

‎সাতক্ষীরার উপকূলীয় নারীদের এই উদ্যোগ আজ আমাদের চোখের সামনে এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে। এটি কেবল ব্যক্তিগত বা পারিবারিক স্বাবলম্বন নয়, বরং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলার (Adaptation) এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত। উপকূলীয় অঞ্চলের কৃষিকে স্থায়ী ও টেকসই করতে হলে এই নারীদের পাশে আরও শক্তভাবে দাঁড়াতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সহজ শর্তে ঋণপ্রদান, আধুনিক কৃষি উপকরণের জোগান এবং প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানো প্রয়োজন।

‎প্রকৃতির বৈরিতা আর লোনা মাটির বুক চিরে সাতক্ষীরার নারীরা যে আশার বীজ বুনেছেন, তা আজ এক সবুজ সম্ভাবনার হাতছানি। সঠিক নীতিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে এই নারীরাই একদিন দেশের উপকূলীয় অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তিতে পরিণত হবেন—এ কথা নিশ্চিত করেই বলা যায়।

‎লেখক : তারিক ইসলাম। তরুণ কবি ও লেখক,পরিবেশ ও জলবায়ু বিষয়ক গবেষক,সভাপতি,সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।