সাংবাদিকদের মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড ট্রমা ইন জার্নালিজম’ শীর্ষক একটি বিশেষ এক্সট্রা কারিকুলার কোর্স চালু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ইরাসমাস ও সিবিএইচই হারমনি প্রজেক্ট ল্যাবে কোর্সটির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ডিআইইউর সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে এ কোর্সটি পরিচালিত হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বৈশ্বিক কনসোর্টিয়াম ‘অ্যাজাইল’-এর একটি উদ্যোগ হিসেবে কোর্সটি বাস্তবায়িত হচ্ছে। এতে সার্বিক সহযোগিতা করছে সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটির ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন) বাংলাদেশ।

বিশ্বের নয়টি দেশের সাংবাদিকতা বিভাগের অভিজ্ঞতা এবং বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে কোর্সটির পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। ১২ ঘণ্টাব্যাপী এ কোর্সে থাকবে মোট ছয়টি মডিউল। সাংবাদিকতা পেশায় বিভিন্ন চ্যালেঞ্জিং ও ট্রমাটিক পরিস্থিতির মুখোমুখি হলে ভবিষ্যৎ সংবাদকর্মীরা কীভাবে মানসিক চাপ মোকাবিলা করবেন, সে বিষয়ে বৈজ্ঞানিক ধারণা ও ব্যবহারিক কৌশল শেখানো হবে কোর্সটিতে।

উদ্বোধনী ক্লাসে মাঠপর্যায়ের সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা এবং পেশাগত জীবনে মানসিক প্রশান্তি বজায় রাখার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন ডিআইইউর সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ড. মো. আব্দুল কাবিল খান।

এ ছাড়া কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে যুক্ত থাকবেন মাছরাঙা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট কাওসার সোহেলী, লিভিং উইথ ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মাহমুদা, অক্সফ্যাম ইন বাংলাদেশের আইক্যাম স্পেশালিস্ট আব্দুল্লাহ আল হোসাইন আলিফ, দ্য ইরাবতীর বাংলাদেশ করেসপন্ডেন্ট মুক্তাদির রশিদ এবং বাংলানিউজ২৪ এর সিনিয়র নিউজরুম এডিটর শারমিন আজাদ শান্তা।

সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশায় কর্মরত ব্যক্তিদের মানসিক সুস্থতা ও পেশাগত নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

রিয়াদুস সালেহীন, শিক্ষার্থী সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ, (ডিআইইউ)