একসময় রাত ছিল বিশ্রামের সময়। দিনের ব্যস্ততা শেষে মানুষ ঘুমিয়ে পড়ত আর শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যেত। কিন্তু প্রযুক্তিনির্ভর এই সময়ে রাতের সংজ্ঞা এখন বদলে গেছে। মধ্যরাত পেরিয়ে গেলেও অসংখ্য তরুণ-তরুণীর ঘরে আলো জ্বলে থাকে। কেউ আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য কাজ করছেন, কেউ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কেউ বা নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন। আবার অনেকেই ঘণ্টার পর ঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করতে করতে রাতকে ভোরে পৌঁছে দিচ্ছেন। ফলে আজকের তরুণ সমাজের রাত জাগা শুধু একটি অভ্যাস নয়; এটি হয়ে উঠেছে একটি সামাজিক বাস্তবতা, যার মধ্যে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে নানা সংকট।

তবে রাত জাগার বিষয়টিকে একপাক্ষিকভাবে দেখার সুযোগ নেই। আজকের তরুণদের একটি বড় অংশ এমন এক প্রতিযোগিতামূলক বাস্তবতায় বাস করছে, যেখানে নিজেকে টিকিয়ে রাখতে হলে অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করার চাপ সবসময় কাজ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়-"Sleep is for the weak", "Work while others sleep" কিংবা "No days off" ধরনের বার্তা। এই তথাকথিত হাসল কালচার (Hustle Culture) তরুণদের মনে এমন ধারণা তৈরি করছে যে বিশ্রাম নেওয়া মানেই পিছিয়ে পড়া তাদের কাছে। ফলে অনেকেই দিনের ২৪ ঘণ্টাকেও যথেষ্ট মনে করেন না।

এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্রিল্যান্সিং ও রিমোট কাজের প্রসার। বাংলাদেশের হাজারো তরুণ আন্তর্জাতিক বাজারে কাজ করছেন।যেখানে সময়ের পার্থক্যের কারণে গভীর রাত পর্যন্ত অনলাইনে থাকতে হয়। গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো খাতে কাজ করা এসব তরুণ শুধু নিজেদের কর্মসংস্থানই তৈরি করছেন না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে তারা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির একটি শক্তিশালী অংশ হয়ে উঠেছেন। তাই সব রাত জাগাকে সময়ের অপচয় হিসেবে দেখার সুযোগ নেই।

কিন্তু বাস্তবতার আরেকটি দিকও আছে। অনেক তরুণের রাত এখন কাজ বা সৃজনশীলতার চেয়ে বেশি ব্যয় হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। "আর পাঁচ মিনিট" ভেবে ফোন হাতে নেওয়ার পর কখন যে একের পর এক রিলস, শর্ট ভিডিও কিংবা ট্রেন্ডিং কনটেন্ট দেখতে দেখতে কয়েক ঘণ্টা কেটে যায়, তা অনেকেই টের পান না। অ্যালগরিদমভিত্তিক এই প্ল্যাটফর্মগুলো মানুষের মনোযোগ ধরে রাখার জন্য এমনভাবে তৈরি, যা ব্যবহারকারীকে বারবার স্ক্রিনে ফিরিয়ে আনে। এর ফলে ঘুমের সময় কমে যাচ্ছে, মনোযোগের স্থায়িত্ব হ্রাস পাচ্ছে এবং বাস্তব জীবনের কাজের প্রতি আগ্রহ কমে যাচ্ছে।

এই প্রবণতার প্রভাব শুধু মানসিক নয়, শারীরিকও। পর্যাপ্ত ঘুমের অভাবে ক্লান্তি, মাথাব্যথা, স্মৃতিশক্তির দুর্বলতা, উদ্বেগ এবং বিষণ্নতার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি অনলাইনে অন্যের সাজানো-গোছানো জীবন দেখে নিজেদের সঙ্গে তুলনা করার প্রবণতা তরুণদের মধ্যে হতাশা ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করছে। আরও উদ্বেগের বিষয় হলো, ডিজিটাল জগতের অতিরিক্ত নির্ভরতা নতুন ধরনের সামাজিক সমস্যার জন্ম দিচ্ছে। সাইবার বুলিং, অনলাইন প্রতারণা, গুজব ছড়ানো এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারেও সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বৈশ্বিক পপ কালচারকে অনেকে এমনভাবে গ্রহণ করছেন, যেখানে বাস্তবতা ও ভার্চুয়াল বিনোদনের সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে।

তাই আজকের ঘুমহীন প্রজন্মকে শুধু অলস বা দায়িত্বহীন বলে বিচার করা যায় না। এই প্রজন্মের একাংশ রাত জেগে স্বপ্ন গড়ছে, দক্ষতা বাড়াচ্ছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আবার অন্য একটি অংশ একই সময়ে ডিজিটাল আসক্তি, মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে নিজেদের হারিয়ে ফেলছে। রাতের এই দুই মুখই আজকের তরুণ সমাজের বাস্তব প্রতিচ্ছবি। প্রশ্ন হলো-জেগে থাকা এই রাতগুলো ভবিষ্যতের পথ আলোকিত করবে, নাকি আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাবে?


লেখক: মারুফা জাহান মুমু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি