দেশের বাজারে টানা তিন দিন দাম বাড়ার পর এবার কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষিত নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

এর আগে টানা তিন দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার একবারেই প্রতি ভরিতে ৫ হাজার ৪৮৩ টাকা বাড়ানো হয়। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এদিকে সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।

বাজুস জানিয়েছে, নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে সোনা ও রুপার অলংকার কেনাবেচা হবে।

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত